জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুক্তচিন্তাশীল লেখক এম. মনজুর মোর্শেদ তরফদার (সোহেল) আজ অপরাহ্ণে তার ফেসবুক আইডির এক পোস্টে সমসাময়ীক বিষয়ে তিনি
লিখেন, উদ্ভট নগরায়ণ আর অপরিকল্পিত উন্নয়নের তোড়ে যেন সুবর্ণখালী খাল আশীর্বাদ থেকে অভিশাপে রূপ না নেয়।
এম. মনজুর মোর্শেদ তরফদার (সোহেল) এর লিখাটি হুবহু তুলে ধরা হলো:-
আমাদের প্রিয় সরিষাবাড়ী শহর জামালপুর জেলার অন্য যে কোনো উপজেলা কিংবা পৌর শহরের তুলনায় উন্নত এবং পরিচ্ছন্ন। শহরটির এই পরিচ্ছন্ন থাকার মূলে আছে #সুবর্ণখালী_খাল। বাউসী পপুলার মোড় থেকে শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তার সমান্তরালে শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া এমন একটি দৃষ্টিনন্দন খাল যেকোনো শহরের জন্য বিরাট আশীর্বাদ। প্রাকৃতিক নিয়মেই পৌর এলাকার অধিকাংশ আবর্জনা দূর করে সে এই শহরকে এখনো পরিচ্ছন্ন রাখছে।
এক সময় ডজনে ডজনে নৌকা শহরের মাঝখানে আড়তে মালামাল নিয়ে হাজির হওয়ার দৃশ্য, পাট কোম্পানিতে পাট বোঝাই বড় বড় নৌকা শহরবাসী যেকোনো মানুষকে আকর্ষণ করতো। আর এই সুবিধা ছিল বলেই পরিবহন খরচ কম বলে পণ্যের দাম কম থাকতো। হরতাল-অবরোধেও নিত্যপণ্য সংকট হতো না। কিন্তু যাঁরা সরিষাবাড়ী শহরের পার্শ্ববর্তী গ্রামে বসবাস করেন তাদের মধ্যে কতিপয় স্বার্থান্বেষী মানুষ সহ কেউ কেউ , এই ভালোতে সন্তুষ্ট নন। একইভাবে সুবর্ণখালী খালের অতীত দেখে আসা এই শহরের মানুষেরা এই খাল আর সরিষাবাড়ী শহরের ভবিষ্যৎ নিয়ে আজ শঙ্কিত।
সরিষাবাড়ীর বাকি সব বাদ দিয়ে শুধু খালটি নিয়ে লেখার জন্য আমি আগ্রহী হওয়ার কারণ এই খালের করুণ দশা দেখে এই শহরের নানা শ্রেণী পেশার মানুষের মতো একজন নাগরিক হিসেবে আমারও মন কাঁদে। এই খালের উপর যেসব নাগরিক আয়োজনের আলামত শুরু হয়েছে, তাতে তাঁরা গুমরে মরছেন। কিন্তু শব্দ করে কান্নার সাহস নেই কারোর।
বিভিন্ন সময় ভূমি রেকর্ড আগত হইলে একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষেরা এই খালটির জমি তাদের নামে সুকৌশলে রেকর্ড করে নেয়ার কারণে খালের জমি কাগজে-কলমে তাদের নামে রেকর্ড হলেও প্রচলিত জলাশয় আইন অনুযায়ী জলাশয় ভরাট করে আবাসন তৈরি করার অধিকার তাদের নেই, তবুও প্রশাসনের নজর ফাঁকি দিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল খালের মাঝখানে কয়েকটি অংশে বাঁধ দিয়ে সুকৌশলে খালটিকে পরিত্যক্ত নর্দমায় পরিণত করে খালের জমিতে আবাসন গড়ে তোলার পায়তারা চালচ্ছে। এর কারণ, সরিষাবাড়ী শহরের জমির দাম তুলনামূলকভাবে বেশি। সুবর্ণখালী খালের বিপদও এখানেই।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে আগামী অর্থবছরে সরিষাবাড়ীর পাঁচটি খাল পুনর্খননের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরিষাবাড়ীর গণ মানুষের নেতা মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Dr. Murad Hassan MP মহোদয় কে সরিষাবাড়ী পৌরবাসীর পক্ষ থেকে অনুরোধ করবো, পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের আওতায় সরিষাবাড়ী সুবর্ণখালী খালটিকে পুনর্খনন করে খালের পূর্ব পাশ দিয়ে একটি দৃষ্টিনন্দন ওয়াক ওয়ে নির্মাণ করে স্বচ্ছ পানি প্রবাহ তৈরি করে সুবর্ণখালীর পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনলে এই এলাকার জনগণ আজীবন আপনার কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে এবং আবাসন তৈরি করে খালের পূর্ব পাড় দখল প্রক্রিয়া বন্ধ হবে। সেইসাথে সরিষাবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র Md. Monir Uddin কাকাকে অনুরোধ করবো পূর্বের পরিকল্পনা অনুযায়ী আট শহর প্রকল্পের আওতায় সুবর্ণখালীর পশ্চিম পাড় দিয়ে চক হাটবাড়ী অংশের মতো সিমলা পল্লী পশ্চিমপাড়া (কুমরীবাড়ী) অংশে সড়কটি সংস্কার করলে সুবর্ণখালীর পশ্চিম পাড় দখল প্রক্রিয়া কিছুটা বন্ধ হবে বলে আমার বিশ্বাস এবং পৌরবাসী সকল প্রজন্মের নাগরিক কৃতজ্ঞ থাকবে।
আর তা না হলে এই সুবর্ণখালী এক সময় দুর্গন্ধময় ডোবায়/নালায় পরিণত হবে। বাজারে, শহরে আগুন লাগলে নেভানোর পানিও পাওয়া যাবে না।
আমরা চাই খালের অচল অংশে আবার নৌকা চলাচল করুক। তার জন্য খনন, অবৈধ দখল উচ্ছেদ—সব করা হোক। শহরের সুস্থতার জন্য পুরো সুবর্ণখালী খাল কে প্রাণ ফিরিয়ে দিতে হবে। খালে পানিপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এটা এখন যতটা সম্ভব, পরে ততটাই অসম্ভব হয়ে যাবে।
আর এটা না হলে কী হবে, তার চিত্রও সচেতন সবার জানা। আস্তে আস্তে তা শহুরে নালায় পরিণত হবে। দুর্গন্ধময় হয়ে থাকবে সারাবছর, মশা-মাছিতে ভরে যাবে। জলাবদ্ধতা, অস্বাস্থ্যকর পরিবেশ। আগুন লাগলে নেভানোর পানি পাওয়া যাবে না, এর সবটুকু ভোগ করতে হবে পৌরবাসীকে।
তাই উদ্ভট নগরায়ণ আর অপরিকল্পিত উন্নয়নের তোড়ে যেন সুবর্ণখালী খাল আশীর্বাদ থেকে অভিশাপে রূপ না নেয়।"